গাইবান্ধার সাঘাটা উপজেলায় দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১৯টি পরিবারের মাঝে ৩৮টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামের ১৯টি দরিদ্র পরিবারের মধ্যে দুটি করে ছাগল দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের আওতাধীন বিএনএফের অর্থায়নে এবং পল্লী উন্নয়ন সংস্থার (পিইউএস) বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি ও বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আজাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সরকার, ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শরিফা বেগম এবং সহকারী শিক্ষক মো. ওলিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লী উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মো. আতিফুর রহমান (জোয়াদ্দার)।
আয়োজকরা জানান, ছাগল বিতরণের এ উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে। ছাগল পালন ও বংশবিস্তারের মাধ্যমে উপকারভোগীরা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নেও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









