ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী শিশুসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলের দিকে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বাগাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর পলিহাটি গ্রামের রফিকের মেহগনি বাগানে নায়েব সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ নারী ও ৪ জন শিশু রয়েছে।
বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, ‘‘আটক শিশু ও নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









