নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিটি অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বয়লারের বিস্ফোরণে মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন।
সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
দুর্ঘটনার পর ঘটনার বিষয়ে সিটি গ্রুপ কর্তৃপক্ষের বক্তব্য জানতে সাংবাদিকরা কারখানায় গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









