কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস থেকে নববধূকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাজিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ উপজেলার চর হাজিপুর গ্রামের বাসিন্দা, নববধূর কথিত প্রেমিক এবং স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয়। রবিবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে বরযাত্রীরা মাইক্রোবাসে ফিরছিলেন।
বরপক্ষের অভিযোগ, হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০-২৫ যুবক গাড়ি থামায়। এরপর তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে, একপর্যায়ে নববধূকে তুলে নিয়ে যায়।
হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, “বরের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মেয়েটির পরিবার জানিয়েছে, অভিযুক্ত মিয়াদ মিয়া দীর্ঘদিন তামান্নাকে উত্ত্যক্ত করে আসছেন।”
তিনি আরও জানান, তামান্নার সঙ্গে মিয়াদের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছেন। অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় মিয়াদ ক্ষুব্ধ হয়ে তামান্নাকে তুলে নিয়ে গেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









