অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘সারা বিশ্বে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের সাথে খাপ-খাওয়াতে হবে। নয়তো বিশ্ব আমাদের অনেক আগে চলে যাবে, আমরা পেছনে পড়ে থাকবো।’’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমাদের ছেলেমেয়েদের অনেক মেধা আছে। আমাদের অনেক ভালো গবেষকও আছেন। সরকার গবেষণার উপর এবার অধিকতর গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবন নিয়ে আমাদের আরো বেশি চিন্তা করতে হবে। বর্তমান সরকার উদ্ভাবন নিয়ে অনেক কাজ শুরু করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভাবনীমূলক কাজ অনেক পছন্দ করেন। আমাদের উদ্ভাবনী শক্তি যাদের আছে, তাদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি চট্টগ্রাম হবে বাংলাদেশের লজিস্টিক হাব। এখানে চুয়েটও গুরুত্বপূণ ভূমিকা রাখতে পারে। চুয়েট এর সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এই কামনা করি।’’
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
এর আগে, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রদত্ত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। এ সময় গোল চত্বরে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর তিনি চুয়েটের ক্লাব ফেস্ট এর বিভিন্ন স্টল এবং টিম ব্লিটজারের তৈরী গো-কার্ট পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









