ভবিষ্যতে দেশে কোনো সামরিক স্বৈরাচার, স্বৈরাচারী, ফ্যাসিবাদী বা মাফিয়া শক্তির উত্থান যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এমন একটি সাংবিধানিক ধারা ও পদ্ধতি প্রবর্তন করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তির উৎপত্তি না হয়। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ইতিহাসও গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্য পরিবর্তনের ইতিহাস।’’
তিনি আরে বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা। পরে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন এবং ১৯৯১ সালে সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।’’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সমাবেশ শেষে র্যালিটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









