কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ হতে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষার জন্য মোট ২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ চেক বিতরণ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কেবল একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি যেন অসহায় ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের মূল লক্ষ্য তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং জীবনের সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য শক্তি যোগানো।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ধারাবাহিকভাবে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’’
মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি এবং জনগণের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









