নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহরের জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বগুড়া সদর ও পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন এবং তাঁদের আনন্দ-উচ্ছ্বাসে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে এই জন্মাষ্টমী উদযাপিত হয়ে থাকে।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও বাণীর ওপর আলোচনা করেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









