চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বাইরে ভিন্নধর্মী আয়োজনে লেখক প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ-প্রতিক্রিয়া উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আমেরিকান কর্নার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা), সিলেট চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রজন্মের পাঠক, শিক্ষার্থী, শিক্ষক, লেখক ও গবেষকেরা অংশ নেন। বইটির নিবিড় পাঠ শেষে আলোচনায় বক্তারা বলেন, গ্রন্থটি একই সঙ্গে ভ্রমণ, স্মৃতি, আত্মঅন্বেষণ, শিক্ষকতার অভিজ্ঞতা ও জ্ঞানচর্চার দলিল।
বক্তারা বলেন, বইটির তাৎপর্য শুধু ভৌগোলিক দূরত্ব অতিক্রমে নয়, বরং একজন শিক্ষকের দৃষ্টির ক্রমবিস্তার ও মননের পরিণতিতে। ‘জানা পথে অজানা প্রান্তরে’ মনে করিয়ে দেয়, শিক্ষকতা কেবল পেশা নয়, এটি ‘নীতি ও নন্দনের সঙ্গে দিনমান কাটানোর’ এক ব্রত। বইটি ব্যক্তির সংকীর্ণ গণ্ডি পেরিয়ে বৃহত্তর বৈশ্বিক জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে।
পাঠ-প্রতিক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষকেরা বলেন, বইটিতে আধুনিক শিক্ষাদানের নানা পরিভাষা ও ধারণার পরিচয় পাওয়া যায়, যা শিক্ষকদের পেশাগত চিন্তাকে সমৃদ্ধ করতে পারে। শিক্ষকতা পেশায় আসার পর পড়াশোনা শেষ হয়ে যায়, এই প্রচলিত ধারণাকেও লেখক তার অভিজ্ঞতার মাধ্যমে প্রশ্নবিদ্ধ করেছেন। তার কাছে শেখা একটি চলমান প্রক্রিয়া। সম্মেলন, সহকর্মীর সঙ্গে আলাপ, নতুন বই, নতুন শিক্ষাপদ্ধতি কিংবা অপরিচিত মানুষের সঙ্গে সাক্ষাৎও শিক্ষার উপকরণ হয়ে উঠেছে।
আলোচকেরা বলেন, এই দৃষ্টিভঙ্গির কারণে বইটি শুধু ভ্রমণকাহিনি বা আত্মজৈবনিক বিবরণ নয়, বরং আত্মসচেতন শিক্ষকের জন্য একটি অনন্য দর্পণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বেলটার সভাপতি অধ্যাপক ড. আহমেদ বশির, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বেলটার সাধারণ সম্পাদক ড. মুহিব উল্ল্যাহ, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, কবি ও সম্পাদক সুমন বনিক, লেখক ও গবেষক পার্থ তালুকদার এবং শিক্ষক ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক ঈশিতা ঘোষ চৌধুরী।
বেলটার জীবন সদস্য আশরাফুল ইসলাম অনি নির্মিত বই পরিচিতিমূলক ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বেলটা সিলেট চ্যাপ্টারের কোষাধ্যক্ষ ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রভাষক সুমন রায়। প্রকাশকের বক্তব্য দেন অভ্র প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা।
বেলটা সদস্য জাহিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বইটির পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক রাজারাম পাল চৌধুরী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক শ্রী বিধান চক্রবর্তী, আমেরিকান কর্নার সিলেটের কো-অর্ডিনেটর ফাবিহা তাসনীম এবং শিক্ষার্থী প্রিয়ন্তী ভট্টাচার্য্য, শ্রেয়সী দত্ত ও হৃদ্যিক দেব পুণ্য। লেখক প্রণবকান্তি দেবও তার বই নিয়ে প্রতিক্রিয়া জানান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বেলটা সিলেট চ্যাপ্টারের সেক্রেটারি সুলতান আহমদ। প্রায় আড়াই ঘণ্টার এ আয়োজন পরিণত হয় পাঠ উৎসবে। আলোচকেরা বইটির বিভিন্ন দিকের পাশাপাশি এর সীমাবদ্ধতাও তুলে ধরেন।
তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়ার পাশাপাশি ‘জানা পথে অজানা প্রান্তরে’ বইটির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









