নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময়ে তাদের থেকে একটি মাইক্রোবাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) ও মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। শুক্রবার তারা যশোর থেকে দুইজন ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়ে পানিয়ালপুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে পুলিশ তাদের মাইক্রোবাসটি আটক করেন। এসময়ে তাদের তল্লাশি করে দুইটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দৈনিক এদিনকে বলেন, আজকে ভোরে তাদের তল্লাশি করে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের মোবাইলে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









