সড়কে ছুটছিল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। কারও গন্তব্য ছিল আপনজনের কাছে, কারও হয়তো কর্মস্থলে। কিন্তু মুহূর্তেই কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থেমে গেল সেই যাত্রা। দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই আরোহী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রয়েছেন একজন মা ও তার ছেলে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজিটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে দুইজন মা ও ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে জড়ো হন উৎসুক মানুষ ও স্বজনরা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









