মধ্যরাতে অসংলগ্ন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকার নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) তাঁকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় এসআই আব্দুল মান্নানের অসংলগ্ন আচরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, তিনি উপস্থিত কয়েকজনের সঙ্গে অদ্ভুত আচরণ করছেন, নাচানাচি করছেন এবং একটি দোকানের জিনিসপত্র ভাঙচুর করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই পুলিশের দায়িত্বশীলতা ও আচরণ নিয়ে জনমনে চরম অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর থানার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, এসআই আব্দুল মান্নানকে দায়িত্ব থেকে ক্লোজড করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধ্যানে তদন্ত চলছে। তিনি আরও জানান, পারিবারিক নানা সমস্যার কারণে মানসিকভাবে চাপে ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তাঁর পরিবারের পক্ষ থেকে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে।
ভিডিওতে তাঁকে মদ্যপ অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ উঠলেও ওসি জানান, তিনি সত্যিই মদ্যপ ছিলেন কি না—তদন্ত শেষে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









