চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, কয়েক দিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়, পাশের একটি বদ্ধ ঘরের ভেতরে কোনো মরদেহ থাকতে পারে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন এবং বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই ঘরে একাই বসবাস করতেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ আরো বলেন, “মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা এখনো নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









