সিলেট নগরের শাহজালাল উপশহরে ১৬ বছর বয়সী এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপশহরের সি ব্লক এলাকার জাকির হোসেন (৪৩), তার ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বুরহান উদ্দিন (৪৫)।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেটের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে ওই কিশোরীর বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর কিশোরীকে মারধর করা হয়। একপর্যায়ে তার কোমরে শিকল পরানো হয়।
পরে রাত ১১টার দিকে শিকল বাঁধা অবস্থায় তাকে সড়কে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কিশোরীর কোমরে শিকল বাঁধা। এক ব্যক্তি সেই শিকল ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরী কাঁদছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরে স্থানীয় লোকজন কিশোরীকে শাহপরান থানার পুলিশের কাছে নিয়ে যান।
তবে চুরির অভিযোগে তাকে আটক করা ব্যক্তিদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরে পুলিশ কিশোরীকে মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
ঘটনার পর কিশোরীকে শিকল পরানোর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ভিডিও ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন বলেন, ‘‘ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো নাগরিক আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করতে পারেন। তবে দ্রুত তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। শিকল পরানো বা শারীরিক ও মানসিক নির্যাতন করে শাস্তি দেওয়ার সুযোগ আইনে নেই। এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









