পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সেতুর অভাবে নদীর ওপারে থাকা কয়েক হাজার হেক্টর কৃষিজমিতে চাষাবাদ ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিটপাড়া ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিটপাড়া ঘাট দিয়ে ভেরসা নদী পার হয়ে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ, বিশেষ করে কৃষকরা নদীর ওপারের জমিতে কৃষিকাজ করেন। এসব জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। পাশাপাশি গরু-ছাগলের জন্য ঘাসও উৎপাদন করা হয়।
তবে নদীর ওপর কোনো সেতু না থাকায় কৃষকদের ফসল, বীজ, সার ও কৃষি উপকরণ আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীর গভীরতার কারণে ট্রাক্টরসহ কৃষিযন্ত্র নদী পার হতে না পারায় অনেক জমি ঠিকমতো চাষাবাদ করা সম্ভব হয় না। এতে কিছু জমি অনাবাদি পড়ে থাকে বলেও জানান তারা।
এদিকে বর্ষাকালে ভেরসা নদীর পানি বেড়ে গেলে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় নদী পারাপার প্রায় অসম্ভব হয়ে যায়। ফলে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদনও কমে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিম উদ্দিন, স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন, আল আমীনসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকার কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিটপাড়া ঘাটে দ্রুত একটি সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









