বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর মারধর ও পারিবারিক নির্যাতনের জেরে তাসমিয়া (১৯) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. নাঈম খানকে গ্রেপ্তার করেছে। নিহত তাসমিয়া বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামের খলিলুর রহমান তোতা রাড়ীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দক্ষিণ কাজিরচর গ্রামের প্রবাসী নাঈম খানের সঙ্গে তাসমিয়ার বিয়ে হয়। মালয়েশিয়াপ্রবাসী নাঈম গত ২ আগস্ট ছুটিতে দেশে ফেরেন এবং আগামী ১৭ সেপ্টেম্বর তার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি রিনা বেগম ও ননদ হাফিজা বেগম বিভিন্ন অজুহাতে তাসমিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
নিহতের মা আলমতাজ বেগম জানান, নাঈম গভীর রাত পর্যন্ত জুয়া খেলায় লিপ্ত থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে জুয়া খেলে বাড়ি ফিরলে তাসমিয়া তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম তাকে বেধড়ক মারধর করেন। শুক্রবার সকালে নাঈম ও তার মা বাজারে গেলে অভিমান ও ক্ষোভে ঘরে থাকা অ্যালুমিনিয়াম ফসফাইড (গ্যাস ট্যাবলেট) পান করেন তাসমিয়া। স্বজনেরা তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান তোতা রাড়ী বাদী হয়ে মুলাদী থানায় নাঈম খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করেই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামি স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন