নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে অবৈধ সৌতি জাল বসানোর জন্য বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে তৈরি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাবগাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
প্রায় ২০-২৫ জন শ্রমিকের সহায়তায় নদী থেকে বাঁশের খুঁটি ও বেড়া তুলে ফেলা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা। এ সময় পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
এর আগে ৯ সেপ্টেম্বর চলনবিলের হরদমা খাল, সাবগাড়ি ও রাবার ড্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সৌতি জাল জব্দ ও ধ্বংস করে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, সৌতি জালের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। রাবার ড্রাম এলাকায় রবিউল করিম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সৌতি জাল দিয়ে মাছ শিকার করছেন বলেও অভিযোগ করেন তারা।
রবিউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বর্তমানে তিনি সৌতি জালের সঙ্গে জড়িত নন।’’
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘‘অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যত বড় প্রভাবশালীই জড়িত থাকুক, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রবিউল করিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









