পটুয়াখালীর দুমকিতে মাদকের ব্যাপক বিস্তার রোধে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দুমকি উপজেলা সচেতন নাগরিক এর পক্ষে আলোকিত পটুয়াখালী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. সোহেল তালুকদার বাবু এ স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের কর্মী রামিম, সরকারি জনতা কলেজের সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, দুমকি সরকারি জনতা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, বাকী বিল্লাহ, সোহেল শরিফ ও ইমরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলায় মাদকের বিস্তার তরুণ ও যুবসমাজকে বিপথগামী করছে, যা সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদককে সমাজ ধ্বংসকারী ব্যাধি হিসেবে আখ্যায়িত করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে দ্রুত ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
উপজেলার চিহ্নিত মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা। মাদক বিক্রি, সরবরাহ ও পরিবহনে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা। মাদকের আড্ডা বন্ধে নজরদারি বৃদ্ধি করা। প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে ধারাবাহিক অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। উল্লেখ্য, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্মারকলিপির একটি অনুলিপি দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছেও হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









