জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ থেকে একজনের মরদেহ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।
জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।
জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে সর্বশেষ বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান ছিল বলে জানা গেছে।
উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি জাভা সাগরের ওই অঞ্চলের অন্য সব জাহাজকেও যাত্রীদের কোনো সন্ধান পাওয়া মাত্রই তা জানাতে সতর্ক করা হয়েছে।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে ইন্দোনেশিয়ার আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন মারা গিয়েছিলেন। ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র, যেখানে ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। সেগুলোতে যাতায়াতের অন্যতম মাধ্যম জাহাজ।
সূত্র: বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









