কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে লোকজন জড়ো হন। এই ভিড়ের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান রেনু মিয়া। দিনের বেলা ঘটা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ তাকে ধরতে তৎপরতা শুরু করে। অবশেষে মাত্র ৯ ঘণ্টার মধ্যে প্রযুক্তির সহায়তা ও বিশেষ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









