পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন তেঁতুলিয়া প্রেস ক্লাবের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্রের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির অনুমোদন ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আগামী দুই বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতিকুজ্জামান শাকিল সভাপতি, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদ সাধারণ সম্পাদক এবং আরটিভি ও দৈনিক এদিনের প্রতিনিধি মো. আল-আমিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা বলেন, তেঁতুলিয়া প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে এ উপজেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় গুরুত্ব দেওয়া হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে তেঁতুলিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে প্রেস ক্লাব আরও কার্যকর ভূমিকা পালন করবে।
নতুন কমিটি তেঁতুলিয়ার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সংগঠনের ঐতিহ্য ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









