প্রায় তিন বছর পর সিলেটে আবারও বসছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর নগরের শাহী ঈদগাহ মাঠে শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। মাসব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের পাশাপাশি সিলেটের নারী উদ্যোক্তারাও অংশ নেবেন। মেলায় থাকবে প্রায় ১৫০টি স্টল।
মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
শম্পা বলেন, গত তিন বছরে সিলেট অঞ্চলে কোনো বাণিজ্য মেলা হয়নি। উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতেই এবার এ আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, মেলায় পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মেলা আয়োজনে সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আয়োজকদের ভাষ্য, মেলার মূল লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, উদ্যোক্তা ও ক্রেতাদের সরাসরি যোগাযোগ তৈরি করা এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য নিজেদের পণ্য তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও থাকবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









