সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি সিলেটে আসেন।
রাষ্ট্রপতি সিলেটের প্রবেশপথে পৌঁছালে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানান। পরে দুপুরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেবেন না।
বয়কটের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’
মহানগর বিএনপির নেতাদের ভাষ্য, রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে তারা নগরীর বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। তবে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় মূল অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









