গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি স্পষ্ট করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ইতোমধ্যে বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অতীতে এই মন্ত্রণালয়ে ঘটে যাওয়া দুর্নীতির বিষয়েও সরকার সতর্ক ও সজাগ রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে যাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ যত বড়ই হোক, এ বিষয়ে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, মাদকের বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলাতেই এই সভা অনুষ্ঠিত হবে।
মাদকের কড়াল থাবা থেকে দেশকে মুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি এক্ষেত্রে গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নবনির্মিত বরিশাল বন্দর থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









