মাঝিমল্লাদের হাঁকডাক ‘হেইও রে হেইও’ আর দাঁড়ের ‘ছলাৎ ছলাৎ’ শব্দে চার বছর পর আবারও মুখর হয়ে উঠেছে কুষ্টিয়ার গড়াই নদীর দুই পার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহ্যবাহী গড়াই নদীর ঘোড়াইঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুসজ্জিত সাতটি বাইচ দল অংশ নেয়। দীর্ঘ চার বছরের বিরতির পর প্রিয় এই আয়োজন ফিরে পাওয়ায় নদীর দুই কূলে ভিড় জমান হাজার হাজার উৎসাহী পুরুষ, নারী ও শিশু। বাইচ ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুস-এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, গ্রামবাংলার হাজার বছরের পরিচিত ঐতিহ্যবাহী সংস্কৃতি ও হারিয়ে যাওয়া গ্রামীণ ক্রীড়াকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। আয়োজকরা জানান, যুবসমাজকে বিভিন্ন মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে ভালো কাজে উৎসাহিত করার উদ্দেশ্যেই ঐতিহ্যবাহী এই বাইচের ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে।
সর্বশেষ ২০২২ সালে এই নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও নদীপাড়ে এমন আনন্দঘন পরিবেশ সৃষ্টি হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। শুধু দর্শনার্থীরাই নন, দীর্ঘদিন পর এত বড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে এবং দর্শকদের উল্লাস দেখে দারুণ আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগী মাঝি-মাল্লারাও।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আসরের পর্দা নামবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









