বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহাসিক হাটিকুমরুল গোলচত্বরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৮ দফা দাবিতে আয়োজিত এই পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাটিকুমরুল মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ও জোটের অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে বক্তব্যে নাহিদ ইসলাম সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশে রাজনৈতিক অসদাচরণ ও পুরোনো স্বৈরাচারী ধারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
সম্প্রতি তারেক রহমানের নির্বাচনী আসনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশক্তিকে পুনর্বাসনের কোনো চক্রান্তই এ দেশের জনগণ সফল হতে দেবে না।’
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ আট দফা দাবিতে আন্দোলনরত গণমানুষের আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করে যারা স্বৈরাচারকে মদদ দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজপথেই জবাব দেবে।
পথসভায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দসহ স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন।
হাটিকুমরুল মোড়ে জমায়েত হওয়া হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় লংমার্চের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পথসভা শেষে ৩ হাজারেরও বেশি গাড়িবহরের লংমার্চটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









