চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা এলাকায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শাহীন আলী (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই যুবক পালিয়ে যায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, টিকটক করা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাবতলা এলাকায় এঘটনা ঘটে। আটক শাহীন আলী পৌরসভার শ্মশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম হোসেন সোহান নামে এক শিক্ষার্থী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গাবতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাঁর গতিরোধ করে মারধর করেন এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন নাদিম। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শাহীন আলীকে আটক করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে থানায় নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে টিকটক করা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল বলে জানা গেছে। ঘটনার সঙ্গে ছিনতাইয়ের চেষ্টা জড়িত ছিল কি না, নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, ভুক্তভোগী নাদিম ও আটক শাহীন প্রায় সমবয়সী। বিস্তারিত তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









