নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গুরুদাসপুর থানা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাজিরপুর চৈতালী হাটে উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বাদী নাজিরপুর ডোবারপাড় এলাকার শাহা জামাল। মামলায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
চেয়ারম্যান আইয়ুব আলীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি কাউন্সিল হয়ে উপজেলা সদরে যান। পরে এলাকায় মহিষ চুরির মামলার বিষয়ে খোঁজ নিতে তিনি নিজেই থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাকে আটক দেখায়। পরিবারের দাবি, গত দুই বছর তিনি কোনো দলীয় কার্যক্রমে অংশ নেননি। জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তারা। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছে পরিবার।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









