পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহিদ।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। এতে জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে নৈরাজ্য ও আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









