মিসরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার হারিয়ে গেলেও প্রাচীন বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ জ্ঞানভান্ডার ফিরে আসছে নতুন রূপে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইতালির রোমে পুনরুদ্ধার করা হয়েছে প্রায় দুই হাজার বছরের পুরোনো উলপিয়া গ্রন্থাগার। চলতি সপ্তাহ থেকেই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
গ্রন্থাগারটির ধ্বংসাবশেষ রোমান সম্রাট ট্রাজানের তৈরি ট্রাজান ফোরামে অবস্থিত। বিখ্যাত ট্রাজান স্তম্ভের পাশেই এর অবস্থান। প্রায় এক শতাব্দী ধরে জায়গাটি সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীন বিশ্বের গুরুত্বপূর্ণ গ্রন্থাগারগুলোর মধ্যে উলপিয়া ছিল অন্যতম। আলেকজান্দ্রিয়া ও এশিয়া মাইনরের পারগামন গ্রন্থাগারের পর এর অবস্থান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে বিপুলসংখ্যক বই, দলিল ও ঐতিহাসিক নথি সংরক্ষিত ছিল।
রোমের সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের কর্মকর্তা ও প্রত্নতাত্ত্বিক ক্লদিও পারিসি প্রেসিচে বলেন, বইয়ের সংখ্যা এবং সংরক্ষিত নথির পরিমাণ বিবেচনায় গ্রন্থাগারটি প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। ১৯৩২ সালে ইতালির তৎকালীন শাসক বেনিতো মুসোলিনির সরকারের সড়ক নির্মাণকাজের সময় গ্রন্থাগারটির ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কৃত হয়। পরে জায়গাটি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ট্রাজান ফোরামের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখার গুদাম হিসেবে ব্যবহার করা হয়।
দেয়ালের বিভিন্ন খাঁজ দেখে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন, সেখানে একসময় বই রাখার তাক বসানো ছিল। প্রাচীন নথিতে উলপিয়া গ্রন্থাগারের দুটি পৃথক ভবনের উল্লেখ রয়েছে। এর একটি ছিল দুই তলাবিশিষ্ট। রোমের প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সম্প্রতি পুনরুদ্ধার করা ভবনটি ছিল গ্রন্থাগারের পশ্চিম অংশ। সেখানে গ্রিক ভাষায় লেখা পাণ্ডুলিপি সংরক্ষণ করা হতো।

নতুন সাজে প্রাচীন জ্ঞানভান্ডার
পুনরুদ্ধার করা গ্রন্থাগারে দর্শনার্থীদের জন্য স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এতে ভবনটির আগের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেয়ালে সাদা মার্বেল এবং মেঝে ও স্তম্ভে বিভিন্ন রঙের মার্বেলের ব্যবহার ছিল বলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে দেখা যায়।
এ ছাড়া দেয়ালে বিশেষ আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে গ্রন্থাগারটির ইতিহাস এবং আবিষ্কারের ঘটনা তুলে ধরা হবে। একসময় যেখানে বইয়ের তাক ছিল, সেখানে এখন ভাঙা কোরিন্থীয় স্তম্ভ ও বিভিন্ন ভাস্কর্যের অংশ প্রদর্শন করা হচ্ছে।
প্রাচীন রোমের সামাজিক ও প্রশাসনিক জীবনেও গ্রন্থাগারটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাধারণ শিক্ষিত নাগরিকদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও এখানে আসতেন। পুরোনো আইন, সরকারি নির্দেশনা ও বিভিন্ন প্রশাসনিক নথি দেখার জন্য তারা গ্রন্থাগারটি ব্যবহার করতেন। ২০২৫ সালে গ্রন্থাগারটির পুনরুদ্ধারকাজ শুরু হয়। প্রায় এক বছর ধরে চলা এ কাজে ব্যয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ইউরো। ইউরোপীয় ইউনিয়নের মহামারি-পরবর্তী পুনরুদ্ধার তহবিল থেকে প্রকল্পটির অর্থায়ন করা হয়েছে।
প্রাথমিকভাবে শুক্রবার, শনিবার ও রবিবার দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকবে। প্রতি ৪০ মিনিট পরপর ২০ জনের একটি দল প্রবেশের সুযোগ পাবেন।
গ্রন্থাগারটির পূর্ব দিকের ভবনটি এখনো মাটির নিচে চাপা পড়ে রয়েছে। ট্রাজান ফোরামের অপর পাশে ১৮ শতকের একটি গির্জার নিচে ওই অংশের অবস্থান। সেখানে লাতিন ভাষার পাণ্ডুলিপি সংরক্ষণ করা হতো বলে প্রাচীন নথিতে উল্লেখ রয়েছে। আপাতত সেটি খননের কোনো পরিকল্পনা নেই।

প্রায় দুই হাজার বছর আগের এই গ্রন্থাগারের পুনরুদ্ধার শুধু একটি ঐতিহাসিক স্থাপনা ফিরিয়ে আনার ঘটনা নয়, বরং প্রাচীন রোমের জ্ঞানচর্চা, শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসকে নতুন করে জানার সুযোগ তৈরি করেছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








