‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘জয় বাংলা কইলেই বাংলাদেশ ছাড়তে হবে।’ ওসমানীনগর-বিশ্বনাথসহ বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর, বুরুঙ্গা বাজার ও গোয়ালাবাজারে পৃথক তিনটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না। সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। এতে কাজ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে।
তিনি আরও বলেন, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি যাতে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার দুপুরে সিলেট নগরী থেকে ওসমানীনগরের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং তার বাসার ফটকে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে প্রথমে তাজপুর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক জ্যেষ্ঠ সদস্য সৈয়দ এনামুল হকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন তিনি।
পরে বুরুঙ্গা বাজারে একটি এনজিও সংস্থার প্রকল্প উদ্বোধন করেন। সেখান থেকে ফেরার পথে প্রয়াত গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান।
বিকেলে গোয়ালাবাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে উত্তর গোয়ালাবাজারে পথসভায় মিলিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








