পাবনার ফরিদপুর উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মজিবুর রহমান (৭৪) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালনগর ইউনিয়নের পানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি পাকা রাস্তায় একা খেলছিল। এ সময় পাশের রাউৎনগরাপাড়া গ্রামের মৃত ফজর উদ্দিন শাহের ছেলে মজিবুর রহমান শিশুটিকে কোলে নিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির মা জানান, ঘটনাকালে শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সময়ে শিশুটিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর থানার এসআই জাহিদুর রহমান জানান, অভিযুক্তকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই আল হেলাল মাহমুদ বলেন, “শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









