আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর অধিনায়কের আর্মব্যান্ড উঠবে ক্রিস্তিয়ান রোমেরোর হাতে। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ে দলকে নেতৃত্ব দেওয়ার পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। জাতীয় দল থেকে তার বিদায়ের পর নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা ছিল। সেই দায়িত্বের জন্য আগে থেকেই এগিয়ে ছিলেন রোমেরো।
বিশ্বকাপের পর ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক পর্ব। এ সময় বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে দলের অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসি বিদায় নিলে রোমেরোই অধিনায়ক হবেন।
স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার ইতিমধ্যে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।
ওই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তিনি ছিলেন অধিনায়ক।
মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার স্বভাবের কারণে মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকে বেছে নিয়েছেন স্কালোনি। তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









