জনবল সংকটে যশোরের শার্শা উপজেলার একমাত্র হাসপাতালটির (৫০ শয্যা বিশিষ্ট) ডেঙ্গু রোগীর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীর চাপ বেড়েছে।
গত ২৪ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখনো ১৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
সাধারণভাবে জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসলে রক্ত পরীক্ষায় বেশীরভাগ ডেঙ্গু শনাক্ত হচ্ছে। ভর্তিরত রোগীদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও শিশু রোগী রয়েছে। চিকিৎসা সেবায় অব্যবস্থপনা, ডাক্তার সংকট নিয়ে রোগীর স্বজনদের রয়েছে নানা অভিযোগ। অনেকে হাসাপাতালে বেড না পেয়ে ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, ‘‘সাধারণত জুন হতে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশী। এ সময় হাসাপাতালে ডেঙ্গু রোগে আক্রন্ত রোগীর চাপও বেশী। গত তিন মাসে ৭১০ জন রোগীর বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে জনবল সংকট থাকায় সাময়িক ত্রুটি থাকতে পারে তারপরও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। ’’
ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়তি সচেতনতা নেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘‘পরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম বাড়ানোসহ দিনের বেলাতে নিয়মিত মশারী ব্যবহার করা, বাইরে বের হওয়ার সময় মশা যাতে না কামড়ায় এমন ধরনের অয়েনমেন্ট ব্যবহার করা এবং জ্বর আসলে কালক্ষেপন না করে হাসপাতালে গিয়ে পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা নিতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









