পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের সম্পৃক্ত করে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এ কর্মসূচি গ্রহন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। সভায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার শপথ নেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। পরে পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, শুধু মশক নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাদের স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় নিয়ে রোগীর মৃত্যু এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









