সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামবাসীর উদ্যোগে চালু থাকা রাত্রিকালীন পাহারা ও ‘বাঁশকল’ (বাঁশের ব্যারিকেড) পরিদর্শন করেছেন পুলিশ সুপার। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় হুট করে এই পরিদর্শনে যান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন স্থানে রাতে বাঁশকল স্থাপন করে পাহারা দেওয়া হচ্ছে। গভীর রাতে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এসব পয়েন্টে গিয়ে ডিউটি পরিদর্শন করেন এবং দায়িত্বে নিয়োজিতদের মাঝে শুকনো খাবার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। এ সময় ডিউটিরত সাধারণ মানুষের আমন্ত্রণে তাদের সাথে বসে চা পান ও কুশল বিনিময় করেন তিনি, যা স্থানীয় গ্রামবাসী ও গ্রামপুলিশদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, চেকিংয়ের সময় যেন সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের অযথা ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম এবং তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









