কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে খাইরুল আমিন রুহুল সরকার (৫০) নামের এক রাজনৈতিক নেতার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঢামেকে তার মৃত্যু হয়।
নিহত রুহুল সরকার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী থাকা অবস্থায় শনিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার জাহানারা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









