নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উদ্বোধন করা হয়েছে। নতুন দুই তলা চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের নতুন দুই তলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় কার্যপরিষদের সভাপতি মো. মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষাপ্রকৌশলী মো. আসলাম মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের একাডেমিক ভবনের নতুন দুই তলা চালু হওয়ায় শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য আরও সুন্দর ও উপযোগী পরিবেশ পাবে।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিনা পারভীন। উদ্বোধন শেষে অতিথিরা বিদ্যালয়ের নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









