খুলনার রূপসা উপজেলায় মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মমিনবাগ বিলের মাছের ঘেরের ভেতরে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না। তিনি বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাপ্পিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কখন তাকে গুলি করা হয়েছে, কারা তাকে হত্যা করেছে কিংবা হত্যার কারণ কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান জানিয়েছেন, মরদেহটি ভোর সাড়ে ৫টার দিকে মাছের ঘেরের মধ্যে পাওয়া যায়। তবে গুলির ঘটনা তারও আগে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









