কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের চতুর্থ দফায় আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে শেষ পর্যন্ত ৩৭৯ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং কালচারের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য আছে কি না, তা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক সত্যতা ও সম্পৃক্ততা সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধের অন্ধকার জগৎ থেকে ফেরাতে এবং যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগের তিন দফায় অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৯৭ জনকে আটক করেছিল পুলিশ। সে সময় যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা মিলেছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং বাকিদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









