মায়ের ভালোবাসার কোনো সীমানা নেই। দেশ, ভাষা কিংবা সংস্কৃতি–সবকিছুর ঊর্ধ্বে এই অনুভূতি। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই চিরন্তন বন্ধনকেই এবার বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
গতকাল রবিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম প্রতিযোগিতা। সেখানেই মাতৃত্বকে উপজীব্য করে তৈরি বিশেষ পোশাকে দেখা যায় তাঁকে। পুয়ের্তো রিকোয় চলমান ৭৫তম মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি গতকাল রবিবার ভোরে ন্যাশনাল কস্টিউম পর্বে অংশ নিয়ে দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন।
কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি ও বাংলার সাবেকি নকশার সোনালি গয়নায় সেজে মঞ্চে ওঠেন সামিরা খান মাহি। পোশাকের পেছনের বৃত্তাকার শিল্পকর্মে নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। ‘মাতৃত্ব-ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’– এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মাহির পোশাকটি। এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প। দেশের সংস্কৃতি ও আবেগের সঙ্গে মাতৃত্বের এই সর্বজনীন অনুভূতিকে মিলিয়ে বিশ্বদরবারে তুলে ধরাই পোশাকটির মূল উদ্দেশ্য।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জাতীয় পোশাকের ভাবনা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন মানুষ কোনো জাতির পরিচয় ধারণ করার আগে মায়ের সন্তান। মা যেমন তাঁকে পৃথিবীর আলো দেখান, তেমনি মাতৃভূমি দেয় নিজস্ব পরিচয়। এই দুই বন্ধনের মধ্য দিয়ে মানুষের অস্তিত্ব ও শেকড়ের গল্প প্রকাশ পায়। মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি পোশাকটির ভাবনায় তাই কেবল একজন মায়ের আত্মত্যাগ নয় বরং মা ও সন্তানের মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমা মানে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প জড়িয়ে আছে। জাতীয় কস্টিউমের মাধ্যমে সেই চিরন্তন ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছি। একজন মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মায়ের সন্তান, আর মাতৃভূমি আমাদের দেয় শেকড় ও পরিচয়। এই দুই বন্ধনের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’
সর্বশেষ ফ্যান ভোটিং আপডেট অনুযায়ী দর্শক ভোটে সেরা ৩০-এ অবস্থান করছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক) তাঁর সম্মিলিত ফলোয়ার সংখ্যা প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার চেয়েও বেশি।
৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সান হুয়ান, পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে। মোট ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী এবারের আসরে অংশ নিচ্ছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








