মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণসহ চার দফা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও গাজীপুরের শ্রীপুরে নতুন করে বিক্ষোভ-ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি কর্মীদের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল ছোড়ার পর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এতে গতকাল রবিবার উপজেলার অন্তত ১০টি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলেরও নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেখানকার ২১টি তৈরি পোশাক কারখানা। চলমান এই অসন্তোষ ও বৈশ্বিক মন্দায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে পোশাক খাতে নতুন রপ্তানি আদেশ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত আজ সোমবারের তৃতীয় বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রমিক ও মালিকপক্ষ।
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছিল। এর সঙ্গে আগের কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষাপটে অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির আরো তিনটি দাবি যুক্ত হয়েছে। আন্দোলনের মুখে ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৯ নভেম্বর ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছিল এক সপ্তাহ। এ লক্ষ্যে ১৫ নভেম্বর বোর্ডের তৃতীয় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার শিল্পাঞ্চলগুলো। তবে আজ সোমবার স্থগিত বৈঠকটি আহ্বান করে মজুরি বোর্ড এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আলাদা আলাদা ভাবে জানিয়েছে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারিত ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। ফলে গতকাল বেশ কিছুটা শান্তিপূর্ণ অবস্থা ছিল শিল্পাঞ্চলগুলোতে।
গাজীপুরে ফের সংঘর্ষ
সকাল থেকে শ্রীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে শ্রমিকদের ইট-পাটকেল ছোড়াসহ বিক্ষোভ করেন শ্রমিকরা। তবে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা। পরে শ্রীপুর চৌরাস্তায় পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে, যাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর-গড়গড়িয়া-মাস্টারবাড়ি সড়কের আশেপাশের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে লাঠি-সোটা হাতে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় ৪৫ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে শ্রমিকরা মিছিল শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মহাসড়কে অবস্থান নেন।
এতে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন তাঁরা। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউণ্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এতে শ্রমিকরা পিছু হটে ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে নেয়। পরে পুলিশ সেখানেও সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে আনসার রোড থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দেয়।
এরপর শ্রমিকরা শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে মিছিল নিয়ে কয়েকটি দোকানে হামলার চেষ্টা চালালে খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শ্রমিকদের ধাওয়া দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি কর্মীরা কয়েকজন শ্রমিককে লাঠিসোঁটা দিয়ে মারধর করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা চালিয়ে জানালার কাচ এবং ভেতরে রাখা একটি প্রাইভেটকার ও একটি হাইস গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রমিকরা সেখান থেকে সরে যান।
শ্রীপুর চৌরাস্তার স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার বৈরাগীরচালা এবং দক্ষিণ ভাংনাহাটি এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হয়ে চৌরাস্তায় বিক্ষোভ শুরু করেন। তারা শ্রীপুর-বরমী সড়কের গাড়ারণ এলাকার আরবেলা ফ্যাশন কারখানার দিকে যাওয়ার চেষ্টা চালালে সেখানে ভাঙচুর হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি কর্মীরা চৌরাস্তায় উপস্থিত হয়ে শ্রমিকদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদের দাবি, গড়গড়িয়া-মাস্টারবাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিল, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড এবং রাতুল অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মিশে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরা গাড়ারণ এলাকার আরেবেলা ফ্যাশন লিমিটেড ভাঙচুর করতে শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়েছিলেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি প্রাইভেটকার ভাঙচুর করেন এবং কয়েকটি দোকানে হামলা ও লুটপাটের চেষ্টা চালান। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার থাকলেও ভাঙচুর ও লুটপাট মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির কর্মীরা মূলত শ্রমিকদের সঙ্গে মিশে থাকা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীদের প্রতিহত করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভ সামাল দেওয়ার দায়িত্বে ছিলেন। শ্রীপুর পৌর চৌরাস্তায় হামলা ও ভাঙচুরের বিষয়টি তার জানা নেই। অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালালেও তাদের সাউণ্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। পরে তাঁরা শ্রীপুর পৌর চৌরাস্তায় গিয়ে হামলা-ভাঙচুর ও সংঘর্ষে জড়ান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
আশুলিয়ায় কর্মবিরতি
শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গতকাল নয়টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২১টি তৈরি পোশাক কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা কারখানার মধ্যে রয়েছে, হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাও।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে মালিকপক্ষ নয়টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
আরো তিনটি কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, কয়েকদিন ধরে শিল্পাঞ্চলে অস্থিরতার জেরে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুসারে (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অন্য ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








