চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দিলদার হোসেন (৩৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ১২ জন পুলিশ আহত হন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য তুলে ধরেন। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দিলদার হোসেন ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘‘পুলিশের অভিযানে রায়হান ও জানে আলম বাহিনীর সদস্যদের একের পর এক গ্রেপ্তারের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে তখন রায়হান গ্রুপের বিপক্ষীয় মো. জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস-এর নেতৃত্বে তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও চাঁদা আদায় করে আসছিল।’’
তিনি আরও বলেন, ‘‘সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর চক্রের সদস্যরা জনৈক আবু বক্কর চৌধুরীর কাছে চাঁদা দাবি করে।’’
বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়ার পর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালায় রাউজান থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে কদলপুরের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলম ওরফে ডাকাত আলমের বসতঘরের সামনে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে থাকা জানে আলম, আজিজ বস, দিলদার হোসেন, রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন ও বাঁচাসহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোলাগুলিতে এসআই জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দিলদারের হেফাজত ও তার দেখানো জায়গা থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি ও দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া দিলদার হোসেন (৩৭) ‘ডাকাত আলম ও আজিজ বস’ গ্রুপের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া অপরাধী চক্রের সদস্য দিলদার হোসেনকে আদালতে সোপর্দ শেষে রিমান্ডের আবেদন জানানো হবে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









