বরিশাল নগরীর বগুড়া রোডে আবাসিক এলাকার সরু সড়কের পাশে সিটি করপোরেশনের উদ্যোগে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মার্কেট নির্মাণ হলে যানজট ও জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার পাশের এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন।
বক্তারা বলেন, মাত্র ১০ শতাংশ জমিতে তিনতলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি ড্রেন বন্ধ করে সরু সড়কের পাশে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এলাকায় বাংলাদেশ ব্যাংক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় সড়কটি এমনিতেই ব্যস্ত থাকে। সেখানে মার্কেট নির্মাণ হলে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে।
তারা বলেন, মার্কেট নির্মাণের পরিবর্তে সিটি করপোরেশনের নিজস্ব জমি ব্যবহার করে সড়কের মোড়টি প্রশস্ত করা হলে যান চলাচল সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।
আফরোজা নাসরিন বলেন, এলাকাটি মূলত আবাসিক। স্থানীয়দের সুবিধা-অসুবিধা বিবেচনা না করে বাণিজ্যিক ব্যবহারের জন্য মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সরু সড়ক, ফুটপাত দখল ও সড়কের ওপর ভ্রাম্যমাণ বাজারসহ নানা সমস্যা রয়েছে। এসবের সমাধান না করে নতুন মার্কেট নির্মাণ করলে জনদুর্ভোগ বাড়বে। কোনোভাবেই সেখানে মার্কেট নির্মাণ করতে দেওয়া হবে না।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, সিটি করপোরেশনের নিজস্ব জমিতে ওই মার্কেট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের মানববন্ধন বা বাধার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









