খুলনার দিঘলিয়ায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাসিমুল গণি দিঘলিয়ার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিম নিজ বাড়ির সামনে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুজন ব্যক্তি সেখানে আসেন এবং কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, আনুমানিক বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করে।
প্রাথমিকভাবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









