লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই করতে বন্দর এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে দুই মন্ত্রী মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের বর্তমান অবকাঠামোগত অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। ভারত সরকার সম্মতি দিলে দ্রুত বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বাংলাদেশ-ভারতের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সরকার আগ্রহী বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট স্থলবন্দর চালু হলে লালমনিরহাটের পাঁচ উপজেলাসহ উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সুযোগ তৈরি হবে। বন্দরটি দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে দুই মন্ত্রী বন্দর এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
সংশ্লিষ্টরা বলছেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি লালমনিরহাট ও আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









