বেকারত্ব দূর করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
রবিবার (৪ অক্টোবর) কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার সমাপনী দিনে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) এ সেমিনারের আয়োজন করে।
অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন, শুধু একাডেমিক সার্টিফিকেটনির্ভর শিক্ষা বর্তমান সময়ে যথেষ্ট নয়। শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। কারিকুলাম তৈরির ক্ষেত্রে একাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্পখাতের সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কারিকুলামও প্রযুক্তিনির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে শেখার সুযোগ দিতে হবে। এতে শিক্ষাজীবনেই তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং কর্মক্ষেত্রে দক্ষতার ঘাটতি থাকবে না। একই সঙ্গে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো গেলে শ্রমিকদের মূল্যায়ন ও বৈদেশিক রেমিট্যান্স বাড়বে।
সেমিনারে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাখাওয়াত আলী বলেন, প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই পুরোনো কারিকুলাম দিয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেওয়া সম্ভব নয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ বাড়ানো জরুরি।
সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক সচিব ও ডেসকো চেয়ারম্যান সারোয়ার জাহান ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









