নাম কোপা আমেরিকা, টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার। অথচ সাম্প্রতিক আসরগুলোর আয়োজক উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের আসরও বসতে যাচ্ছে মার্কিন মুলুকে। তাতে এক যুগের মধ্যে তিনবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার এই মহাদেশীয় টুর্নামেন্ট।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, ২০২৮ সালের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভেন্যু, সূচি ও আমন্ত্রিত দেশগুলোর বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো কোপা আমেরিকা। ১৯১৬ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা এত দিন দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০১৬ সালে শতবর্ষী আসর প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়। এরপর ২০২৪ সালেও আয়োজক ছিল দেশটি।
২০২৮ সালেও যুক্তরাষ্ট্র আয়োজক হলে ১২ বছরের মধ্যে তিনবার দেশটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার বাইরে গেলেই কেন টুর্নামেন্টটির ঠিকানা যুক্তরাষ্ট্র—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস।

২০২৮ সালের আসর আয়োজনের ক্ষেত্রে কনমেবলের সামনে বড় চ্যালেঞ্জ সূচি নির্ধারণ। ওই বছরের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা। ফলে অলিম্পিকের সঙ্গে সূচির সংঘাত এড়িয়েই কোপা আমেরিকার তারিখ চূড়ান্ত করতে হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








