বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হওয়ার পর রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে এখনো আগুন জ্বলছে। আগুন নেভাতে রাতভর চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি উদ্ধারকারী দল।
রবিবার (২২ নভেম্বর) ফিনল্যান্ডের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
‘স্পার্টা-২’ নামের জাহাজটি শনিবার ড্রোন হামলার শিকার হয়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, ইউক্রেন এই হামলা চালিয়ে থাকতে পারে। হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। বর্তমানে সেটি সেখানে নোঙর করা অবস্থায় রয়েছে।
জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কাছাকাছি থাকা আরেকটি রুশ জাহাজে স্থানান্তর করা হয়।
ফিনল্যান্ডের কোস্টগার্ড প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুন নেভাতে কয়েকটি জাহাজ থেকে স্পার্টা-২-এর ওপর পানির প্রবল ধারা ছোড়া হচ্ছে। একই সঙ্গে জাহাজটির ডেকে থাকা কনটেইনারগুলো ঠান্ডা রাখার চেষ্টা চলছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিতে হামলা হয়। জাহাজটি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল।
এদিকে, ফিনল্যান্ডের উপসাগরে আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন এস্তোনিয়ার নৌবাহিনীর প্রধান আইভো ভার্ক। রোববার দেশটির সম্প্রচারমাধ্যম ইআরআরকে তিনি এ কথা বলেন।
ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহেও একই এলাকায় ইউক্রেনের ড্রোন হামলার সময় একটি রুশ যুদ্ধজাহাজে আঘাতের ঘটনা শনাক্ত করা হয়েছিল।
১২১ মিটার দীর্ঘ স্পার্টা-২ রাশিয়ার পতাকাবাহী জাহাজ। এটি রুশ প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিবহন ও সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








