নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা ও স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় প্রধান সন্দেহভাজন আন্তঃজেলা ডাকাত রনি ওরফে রনি প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রনি নাটোরের উত্তর আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, ৭ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে মহাদেবপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অলিপ দত্ত। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহাদেবপুর থানায় হত্যা মামলা হয়।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ, মহাদেবপুর থানা, স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই ও সিআইডি যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তিগত তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রনির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রযুক্তিগত তথ্যের সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









